Deshsangbad24
আবারও আলোচনায় নিগার সিদ্দিক কলেজের অধ্যক্ষ আবু নাসির : বিধি অনুসরে অবসরের গেলেও হস্তান্তর করেননি দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে সাবেক অধ্যক্ষের দায়িত্ব হস্তান্তরে অনীহা ও স্বেচ্ছাচারিতার কারণে চরম প্রশাসনিক অচলাবস্থার সৃষ্টি হয়েছে। তহবিল তছরুপ ও অবৈধ নিয়োগের অভিযোগ মাথায় নিয়ে সাবেক অধ্যক্ষ আত্মগোপনে থাকায় এবং নতুন দায়িত্ব হস্তান্তরে তালবাহানায় শিক্ষক-কর্মচারীরা নভেম্বর মাসে কোনো বেতন-ভাতা তুলতে পারেননি। ফলে অর্ধশতাধিক পরিবার নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন তারা।
গত ৫ নভেম্বর কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ স্বাক্ষরিত উপজেলা নির্বাহী অফিসারের কাছে দেওয়া আবেদন ও স্থানীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
ভুক্তভোগী শিক্ষক-কর্মচারীরা জানান, নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবু নাসিরের চাকরির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। কিন্তু নিয়মতান্ত্রিক উপায়ে প্রতিষ্ঠানের দায়িত্ব হস্তান্তর না করে তিনি বিভিন্ন তালবাহানা ও স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছেন। এর আগে তহবিল তছরুপ ও অবৈধ নিয়োগের মতো গুরুতর অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে তদন্ত শুরু হলে তিনি কলেজবিমুখ হয়ে পড়েন এবং গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে কোনো অফিস করেননি।
এরই ধারাবাহিকতায় তিনি গত অক্টোবর মাসের বেতন বিল সরকারি iBAS++ সিস্টেমে সাবমিট বা জমা দেননি। ফলে জেলার অন্যান্য সব এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ যথারীতি বেতন পেলেও নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের সাধারণ শাখার শিক্ষক-কর্মচারীরা নভেম্বর মাসে তাদের বেতন-ভাতা তুলতে পারেননি। কাউকে কোনো দায়িত্ব বুঝিয়ে না দিয়ে সাবেক এই অধ্যক্ষের এমন দায়িত্বহীনতা ও আত্মগোপনের কারণে পুরো প্রতিষ্ঠানে এক অচলাবস্থা তৈরি হয়েছে।
এ বিষয়ে কলেজটির সহকারী অধ্যাপক হুমায়ুন কবির, মো. মাসুদ রানা, মো. জিয়াউর রহমান ও প্রভাষক মাসুদুর রহমানসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষাদানের পরিবেশ বজায় রাখতে এবং আমাদের দীর্ঘদিনের বকেয়া বেতন-ভাতা প্রাপ্তি নিশ্চিত করতে অবিলম্বে নীতিমালা অনুযায়ী অধ্যক্ষের দায়িত্ব হস্তান্তর অত্যন্ত জরুরি। কিন্তু সাবেক অধ্যক্ষের খামখেয়ালিপনায় আজ আমাদের নানা ভোগান্তি পোহাতে হচ্ছে।”
এদিকে উদ্ভূত পরিস্থিতিতে কলেজের গভর্নিং বডির সভাপতি আবু ইউসুফ ও সাবেক অধ্যক্ষ মো. আবু নাসিরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। দায়িত্বশীলদের এমন নীরবতা ও দায়িত্বহীনতায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সুধীসমাজ ও অভিভাবকরা।
শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে এবং শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রাপ্তি নিশ্চিত করতে অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করে উপজেলা নির্বাহী অফিসারের নিকট জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।