Deshsangbad24
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা

‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ,অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে আজ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম. তারিক উজ জামানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন টিটিসি’র অধ্যক্ষ মোছাব্বেরুজ্জামান।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।

তিনি বলেন, তথ্য জানা ও পাওয়ার অধিকার মানুষের মৌলিক অধিকারগুলোর সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। বর্তমান ডিজিটাল যুগে তথ্য মানুষের কাছে খুব দ্রুত পৌঁছে যাচ্ছে। একইসঙ্গে ভুল ও বিভ্রান্তিকর তথ্যও দ্রুত ছড়িয়ে পড়ছে। তাই সঠিক তথ্য নিশ্চিত করার পাশাপাশি অপতথ্য প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল হতে হবে।

তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে হবে। সরকারি দপ্তরগুলোতে জনগণের তথ্যপ্রাপ্তির সুযোগ আরও সহজ ও স্বচ্ছ করতে হবে। সঠিক তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত হলে সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে এবং জনগণের সঙ্গে প্রশাসনের দূরত্ব কমবে।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক দেবাশীষ কুমার, অধ্যাপক সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি এবং দৈনিক আজকের চুয়াডাঙ্গার সম্পাদক ও প্রকাশক বিপুল আশরাফ প্রমুখ।

বক্তারা বলেন, ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে তথ্যপ্রাপ্তির সুযোগ আগের তুলনায় অনেক বেড়েছে। তবে একই সঙ্গে গুজব, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার প্রবণতাও বাড়ছে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হুমায়ুন কবির, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক দীপক কুমার সাহা, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আসিফ হায়দার, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনিসুর রহমান, সহকারী কমিশনার এস.এম. আব্দুর রউফ শিবলু, মীর্জা শহিদুল, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার সাজিদ হাসান, জেলা ক্রীড়া অফিসার সেলিম রেজাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।