Deshsangbad24
চুয়াডাঙ্গায় বিএনপির উদ্যোগে মোমিনপুর ইউনিয়ন ভূমি অফিসে শেখ হাসিনার নামফলক অপসারণ 

 

চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ন ভূমি অফিসে সংরক্ষিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ও হলফনামা-সংবলিত একটি ফলক অপসারণ করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

 

বৃহস্পতিবার (৬ আগস্ট) মোমিনপুর ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় ফলকে থাকা শেখ হাসিনার নাম মুছে দিয়ে প্রতিষ্ঠানটিকে ‘স্বৈরাচারমুক্ত’ করার দাবি জানান অংশগ্রহণকারী নেতাকর্মীরা।

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মোমিনপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক হাসান মালিক, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনিসুর রহমান আনিস, সদর উপজেলা যুবদলের সদস্য রোকনুজ্জামান রোকন এবং মোমিনপুর ইউনিয়ন বিএনপির সদস্য হাসিবুর রহমান টগর। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ সময় নেতৃবৃন্দ বলেন, সরকারি ও জনসেবামূলক প্রতিষ্ঠানে বিগত সরকারের কোনো রাজনৈতিক স্মৃতিচিহ্ন থাকা উচিত নয়। তারা দাবি করেন, জনগণের প্রতিষ্ঠান থেকে ‘স্বৈরাচারের’ স্মৃতিচিহ্ন অপসারণের মাধ্যমে গণতন্ত্র, জবাবদিহিতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বার্তা দেওয়া হয়েছে।