Deshsangbad24
চুয়াডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তাদের দুই দিন ব্যাপি আইডিয়া প্রদর্শন, উপস্থাপন অনুষ্ঠিত 

 

চুয়াডাঙ্গায় দুই দিন ব্যাপি সবুজ উদ্যোক্তাদের আইডিয়া প্রদর্শন উপস্থাপন ও অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টায় ওয়েভ ট্রেনিং সেন্টারে এই অনুষ্ঠানটি আয়োজন করে ওয়েভ ফাউন্ডেশন। ইয়ুথ গ্রীন এন্টারপ্রেনারশীপ ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় ব্যবসায়িক আইডিয়া প্রদর্শন ও অনুদান প্রদান অনুষ্ঠানটি বাস্তবায়ন করে আসছে ওয়েভ ফাউন্ডেশন। তাদের এই কর্মসূচি চুয়াডাঙ্গা জেলা, মেহেরপুর সদর ও ঝিনাইদহ সদর উপজেলায় প্রকল্পটি কাজ করছে বলে জানাগেছে।

প্রকল্প সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা ও মেহেরপুর সদর উপজেলার ৫০০ জন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও যুব উদ্যোক্তা পরিবেশবান্ধব ব্যবসা পরিচালনার ওপর ৫ দিনের প্রশিক্ষণ গ্রহণ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষিত এই তরুণরা তাদের নিজ নিজ এলাকার সমস্যা সমাধানে জন্য ১০৬টি সৃজনশীল উদ্যোগ গ্রহণ করেছে। এরমধ্যে প্রাথমিক বাছাইয়ের মাধ্যেমে ৫৭ টি সবুজ ব্যবসায়িক উদ্যোগ অতিথি ও বিচারকদের সামনে উপস্থাপন করেন প্রশিক্ষণার্থীরা। বিচারকদের নম্বরের ভিত্তিতে সেরা ৪০ টি উদ্যোগকে অনুদান প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা লোকমোচার সাধারণ সম্পাদক শাহ আলম সনি, সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহযোগি অধ্যাপক দেলোয়ার হোসেন, জাহানারা যুব মহিলা সংস্থার চেয়ারম্যান জাহানারা খাতুন, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মরিয়ম মারু, দামুড়হুদা উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান,ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়ন সমন্বয়কারী আব্দুস সালাম এবং শাহেদ জামাল। এসময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প কর্মকর্তা মাহবুব হোসাইন আবির।

এছাড়া অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বকারী কামুরুজ্জামান যুদ্ধ, রিজিওনাল সমন্বয়কারী তরিকুল ইসলাম, সাংবাদিক জামান আক্তার, শেখ লিটন, আল মুতাকাব্বির সাকিব, স্মাট প্রকল্পের সমন্বকারী সোহরাওয়াদী শুভ, ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী শরিফুল আলম লিটন, প্রকল্প কর্মকর্তা মাহবুব হোসেন আবির, কানিজ সুলতানা এবং জিল্লুর রহমান রাজা, প্রমুখ।

অনুষ্ঠানের বিচারক মন্ডলীরা জানান, এই সবুজ উদ্যোগগুলো স্থানীয় পর্যায়ে পরিবেশ রক্ষা ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এই তরুণরাই আগামীতে একটি টেকসই বাংলাদেশ গড়ে তুলবে বলে প্রত্যাশা রাখি।