Deshsangbad24
চুয়াডাঙ্গায় লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় অতিরিক্ত জেলা ও ও দায়রা জজ

চুয়াডাঙ্গা জেলা আইনগত সহায়তা (লিগ্যাল এইড) কমিটির মাসিক সভায় সেবাপ্রত্যাশী মানুষের কাছে আইনি সহায়তা পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। সভায় নতুন করে মামলা অনুমোদন এবং পূর্বে নিষ্পত্তি হওয়া মামলার বিল অনুমোদন দেওয়া হয়। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় জেলা লিগ্যাল এইড কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও চুয়াডাঙ্গার সিনিয়র জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, দরিদ্র, অসহায় ও প্রান্তিক মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো লিগ্যাল এইড। নারী ও শিশু নির্যাতন, পারিবারিক বিরোধ, ভূমি-সংক্রান্ত বিরোধ এবং শ্রমিকের অধিকারসহ বিভিন্ন বিষয়ে বিনামূল্যে আইনগত সহায়তা দেওয়া হচ্ছে। বিচারপ্রার্থীরা যাতে দ্রুত ও কার্যকর সেবা পান, সে জন্য মামলাগুলোর দ্রুত শুনানি ও নিষ্পত্তির পাশাপাশি ইউনিয়ন পর্যায় পর্যন্ত লিগ্যাল এইডের সেবা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপর তিনি গুরুত্ব দেন।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে অনেক মানুষ আদালতের শরণাপন্ন হতে পারেন না। তাদের জন্য লিগ্যাল এইড একটি কার্যকর ও নির্ভরযোগ্য সহায়তার মাধ্যম। তিনি বলেন, প্রকৃত সুবিধাভোগীদের কাছে এ সেবা পৌঁছে দিতে জেলা পুলিশ, প্রশাসন, বিচার বিভাগ, আইনজীবী, গণমাধ্যম ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্যেই জেলা পুলিশের সহযোগিতায় একটি জেলা লিগ্যাল এইড সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় জেলা লিগ্যাল এইডের চলমান কার্যক্রমের অগ্রগতি, বিচারপ্রার্থীদের জন্য সেবা আরও সহজলভ্য করা, মামলা নিষ্পত্তির গতি বৃদ্ধি, জনসচেতনতা জোরদার এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

এ সময় বিচার বিভাগ, প্রশাসন, আইনজীবী, স্বাস্থ্য বিভাগ, সমাজসেবা অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, বিভিন্ন বেসরকারি সংস্থা ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার মোরশেদ আলম