Deshsangbad24
যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে প্রবল ঝড়, বৃষ্টি ও বাতাসে বিপর্যস্ত জনজীবন

মৌসুমের আগেই আঘাত হানা একটি শক্তিশালী ঝড় রোববার যুক্তরাষ্ট্রের ঘনবসতিপূর্ণ উত্তর-পূর্বাঞ্চলে তাণ্ডব চালিয়েছে। প্রবল বাতাস, বৃষ্টি ও উত্তাল ঢেউয়ে হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। এ ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

‘নরইস্টার’ নামে পরিচিত এ ধরনের ঝড় যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের বিস্তীর্ণ এলাকায় মুষলধারে বৃষ্টি, কখনো তুষারপাত, প্রবল বাতাস ও জলোচ্ছ্বাসজনিত বন্যা সৃষ্টি করতে পারে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। তবে এবারের ঝড়টি কিছুটা ব্যতিক্রমী। কারণ সাধারণত বছরের শেষভাগ থেকে বসন্ত পর্যন্ত এ ধরনের ঝড় বেশি দেখা যায়।

ঝড়টি নিউইয়র্ক, বোস্টন ও ফিলাডেলফিয়াসহ বেশ কয়েকটি শহরে আঘাত হানে।
এতে অন্তত একজনের মৃত্যু হয় এবং সর্বোচ্চ ১ লাখ ৩০ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন।
তবে রোববার সন্ধ্যা নাগাদ তাদের মধ্যে কয়েক হাজারের বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু হয় বলে বিদ্যুৎ বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজ ডটকম জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) রোববার সন্ধ্যায় জানায়, পূর্ব উপকূলজুড়ে কয়েক দিন ধরে তাণ্ডব চালানোর পর ঝড়টি দুর্বল হয়ে আসছে। এতে সমুদ্রসৈকত এলাকায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। নিউইয়র্ক, নিউ জার্সি ও ম্যাসাচুসেটসের কিছু এলাকায় উপকূলীয় বন্যার সতর্কতাও তুলে নেওয়া হয়েছে।
তবে ঝড়ের প্রভাব পুরোপুরি শেষ হয়নি।

এনডব্লিউএস জানায়, ‘শক্তিশালী নরইস্টার ঝড়ের সঙ্গে যুক্ত আরও এক দফা ভারী বৃষ্টি ও বজ্রঝড় রাত থেকে সোমবার পর্যন্ত দক্ষিণ নিউ ইংল্যান্ড থেকে উত্তর মধ্য-আটলান্টিক অঞ্চলে আঘাত হানতে পারে।’

ঝড়টির কেন্দ্র নিউ জার্সির উপকূলের কাছে ঘুরপাক খাচ্ছিল। তবে ঝড়ের সঙ্গে থাকা মেঘের বিস্তার নিউ ইংল্যান্ডের উত্তরাঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছিল।

আবহাওয়া পরিষেবা জানিয়েছে, বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ৪৫ মাইল বা ৭২ কিলোমিটারে পৌঁছেছিল। ঝড়ের শুরুর দিকে নিউইয়র্কের মন্টক পয়েন্টে বাতাসের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ৮১ মাইল।

রোববার সন্ধ্যার দিকে ঝড়টি দুর্বল হতে হতে পূর্ব দিকে সরে যাওয়ার কথা ছিল। পরবর্তী কয়েক দিনে এটি আরও উত্তর দিকে মোড় নিতে পারে।

কয়েক দিনের দুর্ভোগ

স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার নিউইয়র্ক সিটির একটি সরকারি আবাসন কর্তৃপক্ষের কর্মী পার্কিং এলাকায় হাঁটার সময় একটি গাছ তার ওপর পড়লে, তাতে চাপা পড়ে তিনি মারা যান।

ঝড়ের কারণে দেশটির বিমানবন্দরগুলোতেও ব্যাপক ভোগান্তি দেখা দেয়। ফ্লাইটআওয়্যারের তথ্য অনুযায়ী, সারা দেশে ৫০০টির বেশি ফ্লাইট বাতিল ও প্রায় ৬ হাজার ফ্লাইট বিলম্বিত হয়।

রোববার সন্ধ্যা পর্যন্ত বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে ১৭২টি ফ্লাইট বাতিল করা হয়—যা ওই বিমানবন্দরের নির্ধারিত মোট ফ্লাইটের প্রায় এক-চতুর্থাংশ। ন্যানটাকেট ও মার্থাস ভিনইয়ার্ডের ছোট বিমানবন্দর দুটিতে প্রায় এক-তৃতীয়াংশ ফ্লাইট বাতিল হয়।

উত্তর ক্যারোলিনার বিখ্যাত হাইওয়ে ১২- ও  চলতি সপ্তাহে পানিতে ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। উপকূলের অতি সরু দ্বীপমালার ওপর দিয়ে চলে যাওয়া এই সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েকটি দ্বীপের বাসিন্দা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন।

স্থানীয় পরিবহন কর্তৃপক্ষের প্রকাশ করা ছবিতে দেখা গেছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সড়কের মতো পিচ উঠে যাওয়া সড়কের বড় বড় অংশ উত্তাল ঢেউয়ের পানিতে ভেসে যাচ্ছে।

হ্যাটেরাস দ্বীপে আটকে পড়া বাসিন্দাদের সহায়তায় রোববার রাজ্যের ফেরি কর্তৃপক্ষ একটি জরুরি নৌপথ চালু করে।

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের বিভিন্ন এলাকা থেকে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, বড় বড় ঢেউয়ের আঘাতে সমুদ্রতীরের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোথাও আবার বন্যার পানিতে তলিয়ে যাওয়া শহরের রাস্তায় এক ধরনের হালকা ও ছোট নৌকা নিয়ে মানুষ চলাচল করছে।