Deshsangbad24

নির্বাচন কার্ড জটিলতা সমাধানে সাংবাদিকদের আলটিমেটাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাংবাদিকদের জন্য কার্ড ও গাড়ির স্টিকার প্রাপ্যতার জটিলতা সমাধানে আলটিমেটাম দিয়েছে সাংবাদিক সংগঠনের নেতারা। প্রথমবারের মতো নির্বাচন সময়ে নির্বিঘ্ন যাতায়াত ও পরিচয়পত্র হিসেবে অনলাইন অ্যাপের মাধ্যমে কার্ড সংগ্রহের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

তবে এ পদ্ধতি ব্যবহারবান্ধব না হওয়ায় এবং বিভিন্ন প্রযুক্তিগত জটিলতার কারণে সাংবাদিকরা চরম ভোগান্তিতে পড়েছেন। এমন পরিস্থিতিতে আগামী রোববারের মধ্যে সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত সব জটিলতা সমাধানে ইসিকে আল্টিমেটাম দেন সাংবাদিকরা।

বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তারা।

নির্বাচন কমিশন সংক্রান্ত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি কাজী জেবেল বলেন, ‘সাংবাদিক নীতিমালা সংশোধনের দাবি দীর্ঘদিনের। এ বিষয়ে একাধিকবার নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করা হলেও এখনো পর্যন্ত নীতিমালার সংশোধন হয়নি।’

তিনি অভিযোগ করেন, সাংবাদিকদের সঙ্গে কোনো চূড়ান্ত আলোচনা ছাড়াই নির্বাচন কমিশন অনলাইনের মাধ্যমে কার্ড ও স্টিকার আবেদনের নতুন একটি অ্যাপ চালু করেছে। এই অ্যাপটি ব্যবহারকারীর জন্য সুবিধাজনক নয় বলেও দাবি করেন তিনি।

বর্তমানে যেসব সমস্যা হচ্ছে তা সমাধান না হলে ভবিষ্যতে আরও জটিলতা তৈরি হবে জানিয়ে কাজী জেবেল বলেন, ‘সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী রোববারের মধ্যে সমস্যার সমাধান না হলে নির্বাচনে সংবাদ সংগ্রহ, কাভারেজ ও সম্প্রচার বিষয়ে সাংবাদিক নেতারা বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।’

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিউজে) সভাপতি শহিদুল ইসলাম বলেন, ‘নির্বাচনের সময় সাংবাদিকদের দায়িত্ব পালনের জন্য কমিশন থেকে যে কার্ড ও গাড়ির স্টিকার দেওয়া হয়, সেটির জন্য এবার নতুন অনলাইন পদ্ধতি চালু করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনের কাছে সব জটিলতা স্পষ্টভাবে তুলে ধরেছি। এই পদ্ধতিটি মোটেও ব্যবহারপোযোগী নয়। স্বল্প সময়ের মধ্যে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে সব সাংবাদিককে কার্ড দেওয়া বাস্তবসম্মত হবে না।’

সাংবাদিকদের পক্ষ থেকে আগের মতো সহজ পদ্ধতিতে কার্ড ও স্টিকার সরবরাহের দাবি জানান তিনি।

শহিদুল ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশন বিষয়টি স্বীকার করেছে। তারা জানিয়েছে- নতুন পদ্ধতির কারণে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। কমিশন আমাদের আশ্বস্ত করেছে যে আগামী রোববারের মধ্যেই এই সমস্যাগুলোর সমাধান করা হবে, সম্ভব হলে তার আগেই। যদি সমাধান না হয়, তাহলে আমরা আবার বৈঠক করে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সবাইকে জানাব