Deshsangbad24

চুয়াডাঙ্গায় বারি হলুদ-৪ এর মাঠ দিবস অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা সদর উপজেলার হাটকালুগঞ্জ এলাকায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত উচ্চ ফলনশীল বারি হলুদ-৪ জাতের চাষাবাদ সম্প্রসারণ ও আধুনিক উৎপাদন প্রযুক্তি কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সাম্প্রতিক সময়ে “মেহেরপুর সদরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক গবেষণা কেন্দ্র স্থাপন ও দেশের মধ্য-পশ্চিমাঞ্চলের পরিবেশ-প্রতিবেশ উপযোগী গবেষণা কার্যক্রম জোরদারকরণ” প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত হয়।

মাঠ দিবসে সভাপতিত্ব করেন এআরএস, মেহেরপুরের উপ-প্রকল্প পরিচালক ড. জাহান আল মাহমুদ। প্রধান অতিথি ছিলেন “মেহেরপুর সদরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন ও গবেষণা কার্যক্রম জোরদারকরণ (১ম সংশোধিত)” প্রকল্পের পরিচালক ড. মো. মতিয়ার রহমান।অনুষ্ঠানে বারি হলুদ-৪ এর চাষাবাদ, পরিচর্যা, উৎপাদন ব্যবস্থাপনা, রোগবালাই দমন এবং অধিক ফলন অর্জনের আধুনিক কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিজ্ঞানীরা কৃষকদের মাঠ পর্যায়ে প্রযুক্তির সঠিক প্রয়োগের বিভিন্ন দিক তুলে ধরেন।বক্তারা জানান, প্রচলিত জাতের তুলনায় বারি হলুদ-৪ অধিক ফলনশীল ও লাভজনক। সঠিক পরিচর্যায় এ জাতের হলুদে প্রতি বিঘায় প্রায় ১০০ মনেরও বেশি ফলন পাওয়া সম্ভব। এছাড়া রোগবালাই তুলনামূলকভাবে কম হওয়ায় উৎপাদন ব্যয় হ্রাস পায় এবং কৃষকরা অধিক লাভবান হন।অনুষ্ঠানে বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মামুন হোসাইন, প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা পীযূষ কুমার রায়, বৈজ্ঞানিক সহকারী মো. রাসেল কবির তরফদার ও মো. তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও এলাকার কৃষক-কৃষাণী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাঠ দিবসে অংশগ্রহণ করেন। শেষে কৃষকরা বারি হলুদ-৪ চাষে আগ্রহ প্রকাশ করেন এবং এ জাতের সম্প্রসারণে সংশ্লিষ্টদের উদ্যোগকে স্বাগত জানান।