Deshsangbad24

নগরকান্দায় ৯ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নে রেললাইনের পাশ থেকে ৯ বছর বয়সি এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তবে ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) রাত ৯টার দিকে একই ইউনিয়নের তারাকান্দি গ্রামের রেললাইনের পাশে পারিবারিক কবরস্থানের কাছ থেকে শিশু মাহমুদা আক্তারের (৯) লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের ইদ্রিস মোল্লার মেয়ে। চার ভাই-বোনের মধ্যে সে সবার ছোট ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকাল ৫টার দিকে মাহমুদা নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান চালায়। একপর্যায়ে রেললাইনের পাশের পারিবারিক কবরস্থানের কাছে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

নিহতের ভাবি শাহনাজ বেগম অভিযোগ করে বলেন, লাশ উদ্ধারের সময় শিশুটির শরীরে কোনো পোশাক ছিল না। তার পরনের পোশাকও পাওয়া যায়নি। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে পরিবারের সন্দেহ।

তবে এ অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মাদ আল ফাহাদ বলেন, প্রাথমিকভাবে বিষয়টি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, অন্য একটি শিশুর সঙ্গে খেলতে গিয়ে আঘাতে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।