Deshsangbad24

জাপানে উৎসবে বিশাল শোভাযাত্রার বাহনের নিচে চাপা পড়ে ডেপুটি-মেয়রের মৃত্যু

জাপানের পশ্চিমাঞ্চলে একটি স্থানীয় একটি শোভাযাত্রায় বিশাল আকৃতির বাহনের নিচে চাপা পড়ে একজন ডেপুটি-মেয়রের মৃত্যু হয়েছে। সোমবার কর্মকর্তারা এ তথ্য জানান। এর এক সপ্তাহ আগে দেশটির পৃথক দুটি ঐতিহ্যবাহী উৎসবে আরও দু’জনের মৃত্যুর খবর পাওয়া যায়।

এহিমে অঞ্চলের সাইজো শহরের উপ-মেয়র আকিহিরো নাবায়ে শনিবার অন্য অংশগ্রহণকারীদের সঙ্গে একটি বিশাল আকৃতির বাহন বহন করছিলেন। একপর্যায়ে তিনি সেটির নিচে আটকা পড়েন। শহর কর্তৃপক্ষ ও পুলিশ কর্মকর্তারা এএফপি’কে এ তথ্য জানান।

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, তাঁকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয়।

স্থানীয় একটি পুলিশ স্টেশনের উপপরিচালক মাকোতো হাগিয়ামা এএফপিকে বলেন, কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। বাহনটি উল্টে পড়েছিল, নাকি তিনি কোনোভাবে ভারসাম্য হারিয়েছিলেন, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সেখানে পাশাপাশি ১১টি বাহন সারিবদ্ধভাবে রাখা ছিল। এর মধ্যে সর্বোচ্চ তিন টন ওজনের কোনো বাহন নাবায়ের ওপর পড়ে থাকতে পারে।

স্থানীয় মন্দিরগুলোর উদ্যোগে প্রতিবছর সাইজো উৎসবের আয়োজন করা হয়। শহরটির ওয়েবসাইটে উৎসবটিকে ‘জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য’ হিসেবে বর্ণনা করা হয়েছে। এতে ফুল, পাখি ও যোদ্ধার প্রতিকৃতি খোদাই করা বিশাল বাহন নিয়ে শোভাযাত্রা বের করা হয়।

জাপানের এদো যুগে (১৬০৩-১৮৬৮) এ ঐতিহ্যের সূচনা হয়। শস্যের ভালো ফলনের জন্য দেবতাদের প্রতি কৃতজ্ঞতা জানানোই এ উৎসবের উদ্দেশ্য।

এর আগের শনিবার পশ্চিমাঞ্চলীয় ওসাকা অঞ্চলে পৃথক দুটি উৎসবে আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া যায়। দ্রুতগতিতে বাঁক নেওয়ার সময় উৎসবের বাহন উল্টে পড়লে এ প্রাণহানি ঘটে বলে জানা গেছে।

এ ছাড়া গত ফেব্রুয়ারিতে জাপানের ‘নেকেড ম্যান ফেস্টিভ্যাল’ বা ‘নগ্ন পুরুষদের উৎসব’-এ ভিড়ের চাপে দু’জনের মৃত্যুর খবর পাওয়া যায়।