Deshsangbad24

গোপালগঞ্জে পুলিশের পিকআপ ভ্যানে আগুন

​সর্বাত্মক ধর্মঘটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ ও ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। এতে পুলিশের একটি গাড়িতে আগুন এবং পুলিশসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সকাল থেকেই উত্তপ্ত হতে শুরু করে টুঙ্গিপাড়ার পাটগাতী স্ট্যান্ড এলাকা। সর্বাত্মক ধর্মঘট পালনের অংশ হিসেবে ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী সড়কটিতে অবস্থান নেন।
এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে তীব্র প্রতিরোধ ও সড়ক অবরোধ গড়ে তোলে।

একপর্যায়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে পাটগাতীস্থ উপজেলা যুবদলের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।

​সহিংসতার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় টুঙ্গিপাড়া থানা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আন্দোলনকারীদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এখনো উত্তপ্ত সেখানকার পরিবেশ।
​সংঘাতের একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। এ সময় ইটপাটকেলের আঘাত ও সংঘর্ষে পুলিশ সদস্যসহ অর্ধশতাধীক আহত হন।