Deshsangbad24

আর্থিক অন্তর্ভুক্তি ও ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে টেলিক্যাশের যাত্রা শুরু

আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ এবং বাংলাদেশকে ক্যাশলেস বা ডিজিটাল অর্থনীতির দিকে এগিয়ে নিতে বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান টেলিক্যাশ লিমিটেড। প্রতিষ্ঠানটি সাউথইস্ট ব্যাংক পিএলসির একটি সহযোগী প্রতিষ্ঠান।বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ বাণিজ্যিক কার্যক্রম শুরুর চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে টেলিক্যাশের যাত্রা শুরু হয়। এ উপলক্ষে ঢাকায় সাউথইস্ট ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এম. এ. কাশেম। বিশেষ অতিথি ছিলেন টেলিক্যাশ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান, টেলিক্যাশ লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এ. কে. এম. মনিরুল ইসলাম, উভয় প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে এম. এ. কাশেম বলেন, টেলিক্যাশের যাত্রা শুরু বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তি জোরদার এবং ডিজিটাল আর্থিক সেবাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অভিভাবক প্রতিষ্ঠান হিসেবে সাউথইস্ট ব্যাংক টেলিক্যাশকে প্রয়োজনীয় কৌশলগত সহায়তা ও দিকনির্দেশনা দেবে, যাতে প্রতিষ্ঠানটি মানুষের জন্য নিরাপদ, সহজ ও উদ্ভাবনী আর্থিক সেবা নিশ্চিত করতে পারে।

টেলিক্যাশের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ বলেন, আনুষ্ঠানিকভাবে টেলিক্যাশের যাত্রা শুরু দেশের ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণের অঙ্গীকারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সাউথইস্ট ব্যাংকের অভিজ্ঞতা ও সহযোগিতাকে কাজে লাগিয়ে নিরাপদ, নির্ভরযোগ্য ও গ্রাহককেন্দ্রিক এমএফএস প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্য রয়েছে তাদের। এর মাধ্যমে দেশের ডিজিটাল অর্থনীতির টেকসই প্রবৃদ্ধিতে অর্থবহ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

টেলিক্যাশ লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এ. কে. এম. মনিরুল ইসলাম অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবসায়িক কৌশল ও লক্ষ্য তুলে ধরেন। তিনি বলেন, টেলিক্যাশ শুধু বাজারে আরেকটি এমএফএস ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হতে চায় না; বরং প্রযুক্তিগত উৎকর্ষ, ঝুঁকি-সচেতন কার্যক্রম এবং সুশৃঙ্খল করপোরেট গভর্ন্যান্সের সমন্বয়ে একটি বিশ্বস্ত ডিজিটাল আর্থিক সেবা প্ল্যাটফর্ম গড়ে তুলতে চায়।

তিনি আরও বলেন, ‘Secure Transactions, Instantly’—এই অঙ্গীকারকে সামনে রেখে টেলিক্যাশের অন্যতম প্রধান লক্ষ্য হলো গ্রাহকদের জন্য বাংলা কিউআর (Bangla QR)-ভিত্তিক ডিজিটাল লেনদেন আরও সহজ ও সাশ্রয়ী করা।

অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান ব্যাংকের প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে কাজে লাগিয়ে একটি শক্তিশালী ডিজিটাল আর্থিক সেবা-ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

টেলিক্যাশের বাণিজ্যিক কার্যক্রম শুরুর মধ্য দিয়ে দেশের মোবাইল আর্থিক সেবা খাতে নতুন একটি প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।