Deshsangbad24

চুয়াডাঙ্গায় ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে উন্নত মাচা ঘরে ছাগল পালন কর্মসূচি ও ছাগল বিতরণ

 

 

চুয়াডাঙ্গায় গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন ও নতুন ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির লক্ষ্যে “উন্নত মাচা ঘরে ছাগল পালন কর্মসূচি”-এর আওতায় এক কমিউনিটি মিটিং ও ছাগল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ সোমবার চুয়াডাঙ্গা সদরের মোমিনপুর ইউনিয়ন পরিষদের মাছের দাইড় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ), ঢাকা-এর বিশেষ আর্থিক সহযোগিতায় স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এই কর্মসূচির বাস্তবায়ন করে।

 

মোমিনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আশাদুল হক মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মোঃ শরীফুজ্জামান শরীফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার উপ-সহকারী সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন এবং চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এস এম মাহবুবুর হক।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ শরীফুজ্জামান শরীফ বলেন, “দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের এই ধরনের টেকসই উদ্যোগ প্রশংসনীয়। আধুনিক পদ্ধতিতে ছাগল পালন করে স্থানীয় পর্যায়ে অনেক নতুন উদ্যোক্তা তৈরি হবে, যা চুয়াডাঙ্গার সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।”

বিশেষ অতিথির বক্তব্যে উপ-সহকারী সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন বলেন, “ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাচা পদ্ধতিতে ছাগল পালন গ্রামীণ অর্থনীতিতে একটি সফল মডেল হিসেবে কাজ করছে।” উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এস এম মাহবুবুর হক উন্নত মাচা পদ্ধতির কারিগরি সুবিধা তুলে ধরে বলেন, “ঐতিহ্যগত পদ্ধতির চেয়ে আধুনিক মাচা ঘরে ছাগল পালন অনেক বেশি লাভজনক ও নিরাপদ। মাচা পদ্ধতিতে ঘর শুকনো ও পরিষ্কার থাকায় ছাগলের রোগবালাই, বিশেষ করে ক্ষুরা রোগ ও নিউমোনিয়ার ঝুঁকি অনেকাংশে কমে যায়।”

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত নির্বাচিত ক্ষুদ্র, অসচ্ছল ও প্রান্তিক খামারিদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের ছাগল বিতরণ করা হয়। স্থানীয় পর্যায়ে স্বাবলম্বী হওয়ার এই যুগোপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।