সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গায় কুমারী পূজা উদযাপিত হচ্ছে।
আজ সোমবার সকাল ৮টার তিথিতে চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়ার দক্ষিণপাড়া বারোয়ারী দুর্গা মন্দিরে এ পূজা উদযাপিত হয়।
এ বছর চুয়াডাঙ্গা জেলার চার উপজেলার ১১৬টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।
মহাষ্টমীর সকালে জেলার বিভিন্ন মণ্ডপে প্রতিমা পূজার পাশাপাশি দেবী দুর্গার জীবন্ত রূপ হিসেবে কুমারী কন্যাকে আসনে বসিয়ে ষোড়শোপাচারে (ষোলোটি উপাচার দিয়ে) পূজা করা হয়।
মহাঅষ্টমীর এ দিনটিতে বিভিন্ন দুর্গা মন্দিরে ছিল ভক্তদের ভিড়। সনাতন ধর্মাবলম্বীরা নানান আয়োজনে মহাষ্টমীর এ দিনটি উদযাপন করছেন।
দৌলতদিয়ার দক্ষিণপাড়া বারোয়ারী দুর্গা মন্দিরের কোষাধ্যক্ষ অঞ্জন সাহা আবীর বাসসকে বলেন, শাস্ত্রমতে সাধারণত ১ থেকে ৮ বছর বয়সী কুমারী কন্যাকে দেবী দুর্গার প্রতীক ও মাতৃশক্তির আধার হিসেবে বিবেচনা করে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। এ পূজার মাধ্যমে নারীর মধ্যে নিহিত দেবীত্ব, পবিত্রতা ও সৃষ্টিশীল শক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
তিনি আরও জানান, নির্ধারিত তিথি অনুযায়ী সকাল ৮টায় কুমারী পূজা অনুষ্ঠিত হয়। এ বছর শুধু দৌলতদিয়ার দক্ষিণপাড়া বারোয়ারী দুর্গা মন্দিরেই কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।
আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ও মন্দির নিরাপত্তায় পুলিশ, বিজিবি ও আনসার বাহিনী মোতায়েন করা হয়েছে। সুষ্ঠু ও সুশৃংখল পরিবেশে পালিত হচ্ছে দুর্গাপূজার এ মহাঅষ্টমী।