প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেছেন, কক্সবাজারের মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল হচ্ছে।
আজ মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের অধীন মাতারবাড়ীতে নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দর কয়লানির্ভর বিদ্যুৎ কেন্দ্র, ধলঘাটা মাতারবাড়ী রাজঘাট এলাকা পরিদর্শন শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
মুখ্য সচিব বলেন, দেশের জ্বালানি সংকট নিরসনের লক্ষ্যে সরকার মহেশখালী সমুদ্র উপকূলে একটি এবং মহেশখালীর মাতারবাড়ীতে ল্যান্ড বেইজ আরো দু’টি এলএনজি টার্মিনাল স্থাপন করবে। আগামী দুই বছরে এলএনজি টার্মিনালের কার্যক্রম দৃশ্যমান হবে।
তিনি আরও বলেন, মাতারবাড়ীতে বিভিন্ন প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। পাশাপাশি তাদের মধ্যে উপযুক্তদের চাকরিসহ আরও নানা সুযোগ-সুবিধা দেওয়া হবে।
তিনি বলেন, বর্তমান সরকারের আমলে মাতারবাড়ীতে আরও উন্নয়ন প্রকল্প হবে এবং গভীর সমুদ্র বন্দরের কাজ শেষ হলে দেশের আমূল পরিবর্তন আসবে।
তিনি বলেন, বিগত সরকারের আমলে নতজানু পররাষ্ট্র নীতির কারণে এই প্রকল্পগুলো আলোর মুখ দেখেনি। কিন্তু বর্তমান সরকার দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করবেন এবং সেই লক্ষ্যেই কাজ চলছে।
এসময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, স্থানীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদসহ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।