কুমিল্লার চান্দিনায় গত চার দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ১১ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত টানা চার দিনের অভিযানে আটক করার পর বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। রবিবার (১৫ নভেম্বর) চান্দিনা থানা পুলিশ পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

গ্রেফতাররা হলেন- চান্দিনার মহারং গ্রামের শাহজাহানের ছেলে আশিকুর রহমান (৩৫), বীরখাল গ্রামের বাচ্চু মিয়ার ছেলে গিয়াস উদ্দিন (৪২), বরকরই গ্রামের আবুল খায়েরের ছেলে বরকরই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন বাদল (৪০), লক্ষ্মীপুর গ্রামের জোয়াগ ইউনিয়ন আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক ডা. খলিলুর রহমান পলাশ, গল্লাই গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে গল্লাই ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শাহজাহান মেম্বার (৫২), বেলাশহর গ্রামের আমির হোসেনের ছেলে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি খাজা শরীফুল ইসলাম (৪১), একই গ্রামের ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চুন্নু মিয়ার ছেলে শাহিন শেখ (৩৬)।

 

চান্দিনা থানার ওসি মো. নূরুজ্জামান জানান, গ্রেফতাররা বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলাসহ বিভিন্ন মামলার এজাহারভুক্ত ও সন্দেহভাজন আসামি। অভিযান চালিয়ে তাদের আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।