চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদাহে পেলুডা গাড়ি সার্ভিসিং করার সময় বাকেট ছিঁড়ে বুকে পড়ে রানা সরকার (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এদিকে, হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দিতে বিলম্ব ও অবহেলার অভিযোগ তুলেছেন নিহতের এক সহযোগী।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ডিঙ্গেদাহ হাইওয়ে তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রানা সরকার মানিকগঞ্জ জেলার শিবালয় থানার ত্রিলোচন পট্টি গ্রামের নিখিল বেহারার ছেলে। তিনি ডিঙ্গেদাহে বিসিআইসি সার গোডাউন নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান এস এস রহমান এর পার্টনার প্রতিষ্ঠান আর্থমুভিং সলিউশন লিমিটেডে মেকানিক্যাল কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, মঙ্গলবার দুপুরে পেলুডা গাড়িটির সার্ভিসিংয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। এ সময় হঠাৎ গাড়ির বাকেট ছিঁড়ে রানার বুকের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাঁকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তাঁর মৃত্যু হয়।

এদিকে, নিহতের সহযোগী সোহান অভিযোগ করে বলেন, হাসপাতালে নেওয়ার সময় রানা জীবিত ছিলেন। কিন্তু জরুরি বিভাগে নেওয়ার পর তাঁকে অক্সিজেন দেওয়া হয়নি। পরে দুইতলায় নেওয়া হয় সেখানে কোনো নার্স বা চিকিৎসক দ্রুত এগিয়ে আসেননি। চিকিৎসা দিতেও বিলম্ব করা হয়েছে। পরে অক্সিজেন দেওয়া হয় সে সময় তার মৃত্যু হয়।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বলেন, দুর্ঘটনায় রানার বুকে ভারী বস্তুর আঘাত লাগে। এতে তাঁর গুরুত্বপূর্ণ অঙ্গ হৃদ্‌যন্ত্র ও ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। হাসপাতালে আনার পরপরই তাঁর মৃত্যু হওয়ায় চিকিৎসা দেওয়ার পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। এ ধরনের যন্ত্রপাতি নিয়ে কাজ করার সময় যথাযথ সুরক্ষাব্যবস্থা ও সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি, বর্তমানে নিহতের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিমেল রানা জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।