রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত মাল্টিন্যাশনাল ইয়ুথ জিওগ্রাফি অলিম্পিয়াড (MY-GEO 2026)-এ বিশ্বমঞ্চে অসাধারণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। প্রতিযোগিতায় বিশ্বে দ্বিতীয় স্থান অর্জনের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে মোট পাঁচটি পদক জিতেছে বাংলাদেশের তরুণ প্রতিযোগীরা। এর মধ্যে রয়েছে দুটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পদক।

বাংলাদেশের তরুণদের এই আন্তর্জাতিক সাফল্যে গর্ব প্রকাশ করেছে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ। প্রতিষ্ঠানটি এই প্রতিযোগিতায় বাংলাদেশের দলের সহযোগী অংশীদার হিসেবে পাশে ছিল বলে জানিয়েছে।

এক অভিনন্দন বার্তায় মিনিস্টার-মাইওয়ান গ্রুপ জানায়, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের তরুণদের এমন অর্জন তাদের মেধা, অধ্যবসায়, নিষ্ঠা ও সম্ভাবনার উজ্জ্বল স্বাক্ষর। তরুণ মেধাবীদের বিকাশ এবং তাদের স্বপ্ন পূরণে সহযোগিতা করা দেশের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বার্তায় আরও বলা হয়, বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে গৌরবান্বিত করায় পুরো দলের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তরুণদের এমন সাফল্য আগামী প্রজন্মকে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণে অনুপ্রাণিত করবে।

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের পক্ষ থেকে বলা হয়, ‘তোমাদের অর্জন আমাদের গর্ব। একসঙ্গে আমরা এগিয়ে যাব বিশ্বমঞ্চে।’

আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশের দ্বিতীয় স্থান অর্জন দেশের তরুণ প্রজন্মের মেধা ও সক্ষমতার এক গৌরবোজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।