শ্রমিক সর্দারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে টানা দুই দিন শ্রমিকদের বিক্ষোভে বন্ধ থাকার পর চুয়াডাঙ্গা সদর উপজেলার বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর সার গোডাউন পুনরায় স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে।

জানা গেছে, রোববার থেকে গোডাউনের কার্যক্রম আংশিকভাবে শুরু হয় এবং সোমবার বিকেল নাগাদ সম্পূর্ণরূপে চালু হয়। এ সময় সার সরবরাহ ও বিতরণ কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি এবং ডিলারদেরও তেমন ভোগান্তিতে পড়তে হয়নি।

এর আগে শ্রমিক সর্দার মনজুর ওরফে ডাসারের বিরুদ্ধে শ্রমিকদের মজুরি আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ তুলে শ্রমিকরা বিক্ষোভে নামেন। আন্দোলনের ফলে দুই দিন ধরে সার গোডাউনের কার্যক্রম বন্ধ থাকে।

গোডাউন কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বর্তমানে সার সরবরাহ কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চলছে। সংশ্লিষ্টদের দাবি, অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়ানো সম্ভব হবে।