দেশজুড়ে আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং সেবাকে আরও বিস্তৃত করতে বড় উদ্যোগ নিয়েছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। প্রান্তিক কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা ও সাধারণ মানুষের জন্য সহজ, দ্রুত এবং আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে ব্যাংকটি দেশের বিভিন্ন জেলায় একযোগে ১০টি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।

উদ্বোধন হওয়া নতুন আউটলেটগুলো নরসিংদী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা, মৌলভীবাজার, ফেনী ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে স্থাপন করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে শহর ও গ্রামের আর্থিক সেবার বৈষম্য কমিয়ে ব্যাংকিং সুবিধা আরও সহজলভ্য হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন আউটলেটগুলোর উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শাখার প্রধান এবং নবউদ্বোধিত আউটলেটগুলোর স্বত্বাধিকারীরা ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলোর মাধ্যমে গ্রাহকরা সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা, নগদ জমা ও উত্তোলন, অর্থ স্থানান্তর, BEFTN ও RTGS-এর মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

এছাড়াও গ্রাহকরা রেমিট্যান্স সেবা, ডেবিট ও ক্রেডিট কার্ড প্রসেসিং, চেক বই ইস্যু, শেয়ার লেনদেন সুবিধা, ঋণসেবা, ইউটিলিটি বিল পরিশোধ এবং সরকারি ভাতা গ্রহণের সুবিধা উপভোগ করতে পারবেন।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, আধুনিক প্রযুক্তিনির্ভর তাদের এজেন্ট ব্যাংকিং সেবা “স্বাগতম”-এর মাধ্যমে গ্রাহকরা ২৪ ঘণ্টা রিসাইক্লার এটিএম সুবিধাও পাবেন। ফলে ব্যাংকিং সেবা হবে আরও দ্রুত, নিরাপদ ও গ্রাহকবান্ধব।

সাউথইস্ট ব্যাংকের এই উদ্যোগ দেশের আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।