আলমডাঙ্গা পৌর শহরের ৪০টি মসজিদের ১৬০ জন ইমাম, মুয়াজ্জিন, খতিব ও খাদেমদের মাঝে ঈদের শুভেচ্ছা উপহার বিতরণ করেছেন আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র প্রার্থী ও পরিচিত সমাজসেবক হাসিবুল হক লিপু। ঈদুল আজহা উপলক্ষে ধর্মীয় ব্যক্তিদের সম্মান জানাতে এবং তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এই উদ্যোগ গ্রহণ করেছেন লিপু।

 

লিপুর সর্মথকরা জানিয়েছেন, সমাজের পিছিয়ে পড়া ও স্বল্প আয়ের মানুষের মধ্যে ইমাম, মুয়াজ্জিন, খতিব ও খাদেমগণ অন্যতম। ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি তারা সমাজকে নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দিয়ে থাকেন। কিন্তু অনেক সময় আর্থিক সীমাবদ্ধতার কারণে ঈদের আনন্দ তাদের পরিবারে কিছুটা ম্লান হয়ে পড়ে। সেই বিষয়টি বিবেচনায় নিয়ে নিজ সামর্থ্য অনুযায়ী তাদের সম্মান জানাতে এগিয়ে এসেছেন উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, জেলা যুবদলের প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সহ-সম্পাদক, চ্যানেল ডি.ও নিউজের চেয়ারম্যান এবং প্রবাসী ব্যবসায়ী হাসিবুল হক লিপু।

 

এই উদ্যোগের বিষয়ে জানতে চাইলে হাসিবুল হক লিপু বলেন, ‘ইমাম-মুয়াজ্জিনগণ সমাজের অত্যন্ত সম্মানিত মানুষ। তারা মানুষের কল্যাণ, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ঈদের এই আনন্দঘন সময়ে আমার সামর্থ অনুযায়ী তাদের পাশে দাঁড়াতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এটি কোনো দান নয়, বরং তাদের প্রতি আমার সম্মান ও ভালোবাসার ক্ষুদ্র প্রকাশ।’

 

তিনি আরও বলেন, ‘আমি সকলের কাছে নিজের ও পরিবারের সদস্যদের জন্য দোয়া কামনা করছি। মহান আল্লাহ যেন আমাদের সবাইকে মানবিক সমাজ গঠনে একসঙ্গে কাজ করার তৌফিক দান করেন।’

এদিকে সম্মানী উপহার পেয়ে ইমাম, মুয়াজ্জিন, খতিব ও খাদেমগণ সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, উপহারের পরিমাণ বড় বিষয় নয়, বরং তাদেরকে সম্মান ও মর্যাদার সঙ্গে স্মরণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা বলেন, যত সামান্যই হোক না কেন, এই উপহার আমাদেরকে সম্মানিত করেছে। আমাদের কথা ভেবে এমন উদ্যোগ নেওয়ায় আমরা কৃতজ্ঞ।

স্থানীয়রা জানান, ঈদকে সামনে রেখে ধর্মীয় ব্যক্তিদের প্রতি এমন সম্মান প্রদর্শনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে এবং মানবিক মূল্যবোধ জোরদারে সহায়ক ভূমিকা রাখবে।