বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেল ৩টায় চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। দেশব্যাপী ঘোষিত এই কর্মসূচির সফল বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, জেলা ছাত্রদলের সভাপতি শাহাজাহান আলী, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।