চুয়াডাঙ্গা থেকে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে (১০৫তম ব্যাচ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ করেছে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (ডুসাক)। অনুষ্ঠানে বক্তারা বিশ্ববিদ্যালয় জীবনকে কেবল ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানবিক, সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল, চকলেট ও সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। একই অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদেরও সংবর্ধনা দেওয়া হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডুসাকের প্রধান পৃষ্ঠপোষক ও সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহিদুজ্জামান টরিক। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু উচ্চশিক্ষার প্রতিষ্ঠান নয়, মানুষ গড়ার এক অনন্য ক্ষেত্র। এখানকার প্রতিটি সুযোগ কাজে লাগিয়ে নিজেকে দক্ষ, সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, ‘জীবনে বড় হওয়ার আগে মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে।’
ডুসাকের উপদেষ্টা ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মহসিন কবির বলেন, বিশ্ববিদ্যালয় জীবন কেবল শ্রেণিকক্ষের পাঠে সীমাবদ্ধ নয়। সহশিক্ষা কার্যক্রম, সাংগঠনিক চর্চা ও সামাজিক দায়িত্ববোধের মধ্য দিয়ে নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়। তিনি আশা প্রকাশ করেন, চুয়াডাঙ্গার শিক্ষার্থীরা তাদের মেধা ও কর্মে বিশ্ববিদ্যালয় এবং জেলার সুনাম আরও সমৃদ্ধ করবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রুহুল কুদ্দুস শিপন, রয়েল এক্সপ্রেস পরিবহন ও ফিলিং স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক শামসুর রশীদ দীপু, লুব্রোম্যাক্স অয়েল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক একরামুল হক বিল্টু, রাজস্ব কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুল মান্নান এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আজহারুল হক রিমন।
বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা যেন ব্যক্তিগত সাফল্যের গণ্ডিতে আটকে না থেকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগে। পাশাপাশি নবীনদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, নৈতিক মূল্যবোধ ও ঐক্যের চর্চা অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুসাকের সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুস সাকিব ও সুমাইয়া তিথি। এতে সংগঠনের বর্তমান ও সাবেক সদস্য, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং চুয়াডাঙ্গার ঢাকা বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন