চুয়াডাঙ্গা সদর উপজেলার বিএডিসি সার গুদামে ন্যায্য মজুরির দাবিতে পালন করা শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুর ১টার পর শ্রমিকরা কাজে ফিরে গেলে সার গুদামের স্বাভাবিক কার্যক্রম আবারও শুরু হয়। বর্তমানে গুদামে সার লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।
এর আগে সকাল সাড়ে ৯টা থেকে মজুরি নিয়ে অসন্তোষের কারণে শ্রমিকরা সারসহ অন্যান্য পণ্য লোড-আনলোড কার্যক্রম বন্ধ রেখে ধর্মঘট পালন করেন। শ্রমিকদের দাবি ছিল, সারের বস্তা লোড-আনলোডের ক্ষেত্রে নির্ধারিত ন্যায্য মজুরি প্রদান এবং বকশিশের অর্থ থেকে কর্তন বন্ধ করা।
ধর্মঘটের খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হন বিএডিসি কুষ্টিয়ার সহকারী পরিচালক (সার) মহিউদ্দিন মিয়া। তিনি শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবির বিষয়টি বিবেচনার আশ্বাস দেন। পরে শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে কাজে ফিরে যান।
মহিউদ্দিন মিয়া বলেন, শ্রমিকদের সঠিক মজুরি দেওয়া হচ্ছিল। তবে শ্রমিকদের পক্ষ থেকে কিছু দাবি জানানো হয়েছে। বিষয়গুলো কর্তৃপক্ষ বিবেচনা করছে। বর্তমানে গুদামের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে, কোনো সমস্যা নেই।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, সকালে সার গুদামে শ্রমিকদের ধর্মঘট থাকলেও বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। শ্রমিকরা কাজে ফিরেছেন এবং সার লোড-আনলোড কার্যক্রম চলমান রয়েছে।
এ সময় চুয়াডাঙ্গা সদর থানার ওসি (অপারেশন) সাইদ হোসেনসহ সার ডিলারদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হওয়ায় সার গুদামে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরে এসেছে।