চুয়াডাঙ্গায় জেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
চুয়াডাঙ্গায় হামের উপসর্গে আক্রান্ত ৩, রোগী ভর্তি: পরিস্থিতি সামাল দিতে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত
সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার। এতে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। এ ছাড়া উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার গোলাম শাহরিয়ার।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। চুয়াডাঙ্গাকে নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসন শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করছে।
তিনি আরও বলেন, সীমান্তবর্তী জেলা হওয়ায় মাদক ও চোরাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল জোরদার করার পাশাপাশি বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ফারহানা ওয়াহিদ তানি, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ খালেদ মাহমুদ।
এ ছাড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশ নেন।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, অপরাধ দমন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।