রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম কমেছে। এর প্রভাবে সোমবার এশিয়ার অধিকাংশ শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।

সৌদি আরবে হুতিদের নতুন করে হামলার ঘটনা সত্ত্বেও তেলের দামে পতন বাজারকে স্বস্তি দিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর অপরিশোধিত তেলের প্রধান দুই ধরনের দাম ১ শতাংশের বেশি কমে যায়। তবে তার এ ঘোষণা কিয়েভে বিস্ময়ের সৃষ্টি করেছে।
একই সময়ে ইউক্রেন জানিয়েছে, রাশিয়া দেশটির একাধিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে।

রোববার সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধে অবিলম্বে জ্বালানি যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। উভয় পক্ষ এতে সম্মত হয়েছে। কেউ এটি ভঙ্গ করবে না!’

এর আগে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, যুদ্ধের অবসান ঘটাতে ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট পাওয়ার সময় এসেছে।

ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা জেলেনস্কিকে বিস্মিত করেছে বলে মনে হয়েছে।
তিনি জানান, এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন।
তবে তিনি বলেন, ‘ইউক্রেন যুদ্ধবিরতিকে সমর্থন করে। রাশিয়াও যাতে এটি সমর্থন করে, তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।’

এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাশিয়া যুদ্ধবিরতিতে সম্মতির বিষয়টি নিশ্চিত করেনি।

ইউক্রেনের মিত্ররা ট্রাম্পের ঘোষণাকে স্বাগত জানালেও রাশিয়ার ডিজেল রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার সিদ্ধান্তের কারণে সমালোচনার মুখে পড়েছেন তিনি। ইউরোপীয় নেতারা ও কিয়েভের আশঙ্কা, এ পদক্ষেপ রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে আরও আগ্রাসী হতে উৎসাহিত করবে।
হুতিদের হামলায় তেলের বাজারে অস্থিরতা

সপ্তাহান্তে সৌদি আরবে হুতিদের হামলার পর বিশ্ববাজারে তেলের দাম প্রথমে বেড়ে গিয়েছিল। তবে ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পর সেই ঊর্ধ্বমুখী প্রবণতা উল্টে যায়।

শনিবার রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় অন্তত ১২ জন নিহত হন। এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি ভূখণ্ডে এটিই ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলা। রোববার দ্বিতীয় দফার হামলায় আরও একজন নিহত হন।

এসব হামলার মধ্য দিয়ে ইয়েমেনের যুদ্ধে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দীর্ঘদিন ধরে সৌদি আরব আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের পক্ষে সামরিক সহায়তা দিয়ে আসছে।
দেশটির বিরুদ্ধে লড়াই করছে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী।

রোববার হুতিরা দাবি করে, গত ২৪ ঘণ্টায় তারা একাধিক হামলা চালিয়েছে। একই সঙ্গে সৌদি আরবের পরিবহন ও যাতায়াতের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে হামলা অব্যাহত রাখার হুমকি দেয় তারা। গোষ্ঠীটি এসব কেন্দ্রকে তাদের বাহিনীর জন্য ‘অভিযান পরিচালনার ক্ষেত্র’ বলে অভিহিত করেছে।

এসপিআই অ্যাসেট ম্যানেজমেন্টের বিশ্লেষক স্টিফেন ইনেস বলেন, ‘বাজার এখন আর প্রতিটি খবরের ভিত্তিতে ভূরাজনৈতিক ঝুঁকির জন্য আগের মতো বাড়তি মূল্য দিচ্ছে না। সকালের বাজারে দামের ওঠানামা থেকে পাওয়া সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত এটাই।’

তিনি আরও বলেন, ‘কোনো হামলা তখনই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যখন তা প্রকৃত তেল সরবরাহ, নৌপথ, তেল পরিশোধন সক্ষমতা কিংবা বিমা ব্যয়কে হুমকির মুখে ফেলে।’

ইনেসের মতে, সরবরাহের সীমাবদ্ধতার কারণে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে রয়েছে। তবে প্রতিটি নতুন উত্তেজনাকে বাজার আর মূল্যস্ফীতির আরেকটি বড় ধাক্কার সূচনা হিসেবে দেখছে না।

তেলের দাম কমায় এশিয়ার অধিকাংশ শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। হংকং, সিডনি, সিঙ্গাপুর, ওয়েলিংটন ও ম্যানিলার শেয়ারবাজারে সূচক বেড়েছে।

তবে চিপ নির্মাতা প্রতিষ্ঠান এসকে হাইনিক্স, স্যামসাং ও টিএসএমসির শেয়ারের দর কমায় সিউল ও তাইপের বাজারে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। ছুটির কারণে টোকিওর শেয়ারবাজার বন্ধ ছিল।

এদিকে, যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের ফিউচার সূচকগুলোতে উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে।

বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ও খুচরা বিক্রির গুরুত্বপূর্ণ পরিসংখ্যান প্রকাশের অপেক্ষায় রয়েছেন। এসব তথ্য সুদের হার নির্ধারণে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সিদ্ধান্তে বড় ভূমিকা রাখতে পারে।

অক্টোবরের শেষ দিকে ব্যাংকটির নীতিনির্ধারণী বৈঠক হওয়ার কথা।

এ সপ্তাহে শুরু হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের ত্রৈমাসিক আয় প্রকাশের মৌসুমও। জেপি মরগান, গোল্ডম্যান স্যাকস ও ব্যাংক অব আমেরিকার মতো বড় ব্যাংকগুলো তাদের আর্থিক ফলাফল প্রকাশ করবে।

চলতি মাসের শেষ দিকে ও নভেম্বরে প্রযুক্তি খাতের বড় প্রতিষ্ঠানগুলোর আর্থিক ফলাফল প্রকাশিত হবে।

সাম্প্রতিক বছরগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল বিনিয়োগের পর এ খাতের ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে ধারণা পেতে আগ্রহী বিনিয়োগকারীরা।